হেসেখেলে উপলব্ধির শিশুদের দিন পার

চামচ-মার্বেল নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে প্রতিযোগিতা
ছবি: সৌরভ দাশ

লাবিবা আক্তারের বয়স মাত্র ছয়। গুটি গুটি পায়ে সে হেঁটে বেড়াচ্ছিল মাঠজুড়ে। নাহিদা, শিলা, ফাহিমারা কখনো দোলনায় দুলছিল, কখনো খেলছিল বাস্কেটবল। কোনো না কোনোভাবে এ শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজ শনিবার সকালে এ শিশুরা এসেছিল চট্টগ্রাম নগরের দামপাড়ায় অবস্থিত পুলিশ লাইনসের একটি মাঠে। সেখানে তাদের নিয়ে বনভোজন ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সকাল ৯টা থেকে শুরু হয় বনভোজনের নানা কর্মসূচি। এ শিশুদের আশ্রয় দেওয়া বেসরকারি প্রতিষ্ঠান ‘উপলব্ধি’ তাদের নিয়ে আসে। এসেছিল ৬০টি শিশু। এরা মেতে ছিল উচ্ছ্বাসে, আনন্দে। এই শিশুদের সঙ্গে খেলাধুলা করে পুলিশ কর্মকর্তাদের সন্তানেরাও। শিশুরা অঙ্ক প্রতিযোগিতা, চামচ-মার্বেল প্রতিযোগিতাসহ নানা কর্মকাণ্ডে অংশ নেয়।

আয়োজক ও অতিথিদের সঙ্গে শিশুরা

কথামালার পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন সিএমপি পুনাকের (পুলিশ নারী কল্যাণ সমিতি) সভানেত্রী রীতা দাস। অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, উপলব্ধির চেয়ারম্যান এম সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ এজাবুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আ স ম মাহতাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক।

এতে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, এ শিশুদের কারও পিতৃ ও মাতৃ পরিচয় নেই। ঠিকানা নেই। তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনেছে উপলব্ধি। এখানে শিশুরা থাকে, লেখাপড়া করে, স্কুলে যায়, কলেজে যায়। তাদের জন্য রয়েছে গৃহশিক্ষক। শরীর-স্বাস্থ্যের খোঁজ নিতে নিয়মিত চিকিৎসক আসেন । পড়ালেখার পাশাপাশি শিশুরা ছবি আঁকে, ক্রিকেট প্রশিক্ষণ নেয়, দাবা খেলে। এটি সত্যিই অসাধারণ কাজ।

কে কত আগে অঙ্ক সমস্যার সমাধান করতে পারে

কৃষ্ণ পদ রায় প্রথম আলোকে বলেন, ‘একটা অনুষ্ঠানে গিয়ে উপলব্ধির সঙ্গে পরিচিত হই। তাঁদের কর্মকাণ্ড আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। নানা জায়গা থেকে শিশুদের এনে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। স্বপ্ন দেখাচ্ছে। এটি নিঃসন্দেহে আনন্দের।

উপলব্ধির যাত্রা শুরু হয় ২০১২ সালের ১২ ডিসেম্বর। শেখ এজাবুর, তাঁর স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে তাহসিন রহমানকে নিয়ে তিন সদস্যের কমিটি করে উপলব্ধি নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ব্যাংক হিসাব খোলা হয় এ প্রতিষ্ঠানের নামে।

শেখ এজাবুর রহমান প্রথম আলোকে বলেন, এই শিশুরা নিজ ঠিকানা জানে না। এমনকি এ ধরাধামে তাদের কেউ আছে কি না, তা-ও বলতে পারে না। উপলব্ধিই তাদের একমাত্র ঠিকানা, একমাত্র বসতঘর। এরা এখানে ভালো আছে, কেউ ট্যালেন্টপুলে বৃত্তি পায়, কেউ ইংরেজি মাধ্যমে পড়ে। ১২ জন মেয়ে এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। চারজন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় নিয়মিত স্কোর করছে। দুজন দাবা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এখন বিভাগীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।  চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারের ৭১ নম্বর শিববাড়ি সড়কের ছয়তলা একটি আবাসিক ভবনের চারটি তলায় ৬৫ শিশুর অন্য রকম বাসস্থান গড়ে তুলেছে উপলব্ধি।

এজাবুর বলেন, পুলিশ কমিশনারের আমন্ত্রণে এই শিশুরা বনভোজনে এসে বেশ আনন্দ করেছে। এই শিশুদের যখন কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়, তখন থানায় সাধারণ ডায়েরি করা হয়। ফলে পুলিশই তাদের প্রথম অভিভাবক।