
সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে সকালের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া নারীর নাম সোনিয়া খাতুন (৩২)। তিনি কলারোয়া উপজেলার গদখালী গ্রামের প্রবাসী হাসানুর রহমানের স্ত্রী। অপর জনের নাম অমরেন্দ্র শর্মা (৯২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লি গ্রামের মৃত সতীশ শর্মার ছেলে।
সোনিয়া খাতুন গত ১০ আগস্ট জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। অমরেন্দ্র শর্মাও একই দিন ভর্তি হন। তিনি আজ সকাল নয়টার দিকে মারা যান। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
জয়ন্ত কুমার সরকার জানান, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ২৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০২ জন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ২০ জনকে খুলনা ও ঢাকায় পাঠানো হয়েছে। মারা গেছেন তিনজন।