থামার সংকেত পেয়েও না থামায় পিকআপটিকে ধাওয়া করেন তল্লাশিচৌকিতে দায়িত্বরত র্যাব সদস্যরা। ধাওয়া করে একপর্যায়ে পিকআপকে ওভারটেক করে র্যাবের মাইক্রোবাসটি। এরপর সামনে গিয়ে আড়াআড়ি দাঁড়িয়ে গতি রোধ করার চেষ্টা করলে পিকআপটি র্যাবের গাড়ির মাঝবরাবর ধাক্কা দেয়। এতে দুই দিকে দুটি গাড়ি ছিটকে গেলে তিনজন প্রাণ হারান।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন র্যাবের দুই সদস্য করপোরাল আনিচুর রহমান (৩৫) ও কনস্টেবল ওমর ফারুক (৩৮) এবং পিকআপের চালক মো. আনোয়ার। দুর্ঘটনায় আহত র্যাব সদস্য নাজমুলকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
করপোরাল আনিচুরের বাড়ি বরিশালের উজিরপুরে। কনস্টেবল ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটের কালাই। পিকআপচালক আনোয়ার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কলমিচর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেট্রো ন ২১-৫১১০ নম্বরের পিকাপটি চালাচ্ছিলেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাদকের চালান আসছে—এমন এক তথ্যের ভিত্তিতে র্যাব-৬–এর একটি দল ঝিনাইদহ র্যাব ক্যাম্পের পাশে একটি জায়গায় তল্লাশিচৌকি বসায়। সন্দেহভাজন একটি গাড়িকে তারা গতি রোধ করে। কিন্তু গাড়িটি না থামিয়ে মাগুরার দিকে ছুড়তে থাকে। পেছনে একটি র্যাবের মাইক্রোবাস পিকআপটিকে ধাওয়া করে। মাগুরার সাঁইত্রিশ এলাকায় পৌঁছলে, র্যাবের গাড়িটি ওই পিকআপের সামনে এসে রাস্তায় আড়াআড়ি দাঁড়িয়ে পথ আটকানোর চেষ্টা করে। এ সময় মাদকবাহী পিকআপ র্যাবের গাড়ির মাঝবরাবর আঘাত করে। এতে রাস্তার দুই পাশে ছিটকে যায় দুটি গাড়ি। ওই পিকআপ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। মাদকের চালানটি ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে ৩৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।