নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের খবরে ঝিনাইদহ সদর থানার ফটকে বিক্ষোভ। আজ শুক্রবার রাতে
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের খবরে ঝিনাইদহ সদর থানার ফটকে বিক্ষোভ। আজ শুক্রবার রাতে

নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আজ শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী মামলার তথ্য নিশ্চিত করেছেন। এনসিপির নেতা তারেক রেজা বাদী হয়ে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, পৌর ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসেন, পৌর ছাত্রদলের নেতা হাদু ও আরাফাত হোসেন।

এদিকে এই মামলার প্রতিবাদে রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সদর থানার সামনে এলে উত্তেজনা দেখা দেয়। তাঁরা থানার মধ্যে থাকা নাসীরুদ্দীনকে বের করে দেওয়ার দাবি জানান। এ সময় ভেতরে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে নেতা–কর্মীরা শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন। সেখানে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।