কুমারখালী তাঁত বোর্ড

খোলা জায়গায় পড়ে আছে ৩২ কোটি টাকার যন্ত্র

ভারী যন্ত্রপাতি নষ্ট হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

কুমারখালী তাঁত বোর্ড চত্বরে খোলা জায়গায় রাখা হয়েছে মূল্যবান যন্ত্রপাতি। সেখানে আগাছা জন্মেছে। গতকাল সকালে তোলা
ছবি: প্রথম আলো

খোলা জায়গায় এলোমেলোভাবে পড়ে আছে ভারী যন্ত্রগুলো। এগুলোর মধ্যে কোনোটির দাম কোটি টাকা। অন্তত ১০ মাস ধরে এগুলো পড়ে আছে। অবশ্য যন্ত্রগুলো পলিথিনে মুড়িয়ে রাখা হয়েছে। তবে ঝড়বৃষ্টি ও রোদে এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী তাঁত বোর্ড চত্বরের।

ওই চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারী যন্ত্রপাতি নষ্ট হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী তাঁত বোর্ড চত্বরে ৪৯ জন তাঁতির মধ্যে ২৯ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য সেলিম আলতাফ। ওই চত্বরেই অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ভারী যন্ত্রপাতি।

অনুষ্ঠানে সেলিম আলতাফ বলেন, ‘৩২ কোটি টাকার যন্ত্র এখানে পড়ে আছে। লোক নেই, অবকাঠামো নেই। তাহলে যন্ত্র কেনার দরকার কী? এটা তো আমি কিনে দিইনি। কে কিনে দিয়েছে?’ বিসিকের কর্মকর্তার দিকে আঙুল তুলে সংসদ সদস্য বলেন, ‘যাঁরা আছেন, তাঁরাই কিনেছেন। কী জন্য কিনেছেন? সরকারের কাছে বলেছেন, অমুক অমুক জায়গায় যন্ত্র দরকার। যন্ত্র ঠিকমতো চলে এসেছে। ওখান থেকে পারসেন্টেজের টাকা, সেটা কিন্তু পকেটে ঢুকিয়ে দিয়েছে। যন্ত্র চলুক বা না চলুক, কোনো অসুবিধা নেই। এই ৩২ কোটি টাকার হিসাব কে দেবেন?’

সংসদ সদস্যের বক্তব্যর সময় আমন্ত্রিত অতিথিসহ তাঁত বোর্ডের কর্মকর্তারা চুপ করেছিলেন। পরে ওই কার্যালয়ের কর্মকর্তারা জানান, পুরোনো যন্ত্রপাতি অপসারিত না হওয়ায় নতুন যন্ত্র স্থাপন করা যাচ্ছে না। খোলা আকাশের নিচে পলিথিন ও কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

দেশের তিন জেলার তাঁতশিল্পের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য তাঁত বোর্ড ২০১৬ সালে একটি প্রকল্প হাতে নেয়। টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালী শাখায় এ প্রকল্পের কাজ হয়। এর মধ্যে কুমারখালীতে তাঁতিদের উন্নয়নে প্রায় ৩২ কোটি টাকার যন্ত্র কেনা হয়। তাঁতশিল্পকে আধুনিকীকরণের লক্ষ্যে প্রসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য এসব যন্ত্র ক্রয় করা হয়।

যন্ত্রগুলো ক্রয় ও স্থাপনের দায়িত্ব পায় খুলনা শিপইয়ার্ড। চুক্তি অনুযায়ী খুলনা শিপইয়ার্ড গত বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ২০টি ভারী যন্ত্র এনেছে, যার দাম প্রায় ৩২ কোটি টাকা। যন্ত্রগুলো চত্বরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তা সামির আহমেদ বলেন, জুনে প্রকল্পের সময় শেষ হয়েছে। সময় শেষে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু জায়গা না থাকায় ভারী যন্ত্রপাতি এখনো স্থাপন করা হয়নি। প্রায় ২০ কোটি টাকার যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পলিথিন ও কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিছুটা হলেও যন্ত্রপাতির সমস্যা হতে পারে।

কুমারখালী তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, জায়গার অভাবে যন্ত্রগুলো বাইরে রাখা রয়েছে। পুরোনো যন্ত্রাংশ অপসারণের জন্য ইতিমধ্যে দরপত্র ও বিক্রয়প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহে কার্যাদেশ প্রস্তুত করা হবে। দুই মাসের মধ্যেই নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে।