বগুড়ায় কৃষক হত্যার ১৮ বছর পর রায়ে একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

বগুড়ায় কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসেদ আলী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৮ বছর পর আজ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল বারী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি আসেদ আলী বগুড়ার গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ মার্চ গাবতলী উপজেলার শীলদহবাড়ী গ্রামের কৃষক নুরুল ইসলাম তাঁর বাড়ির পাশে বিরোধপূর্ণ একটি জমিতে লাউয়ের মাচা তৈরি করছিলেন। এ সময় প্রতিবেশী আসাদ আলী ওই জায়গার মালিকানা দাবি করলে দুজনের মধ্য বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করলে নুরুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন নুরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। দিবাগত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নুরুলের স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে তিনজনকে আসামি করে গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ অভিযুক্ত আসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।