
প্রায় ২৮ বছর আগে চালু হওয়া গ্রামীণ হাট শাসখাই বাজারের এক গলির দোকানের সামনের ফুটপাতে বস্তা বিছিয়ে পসরা সাজিয়েছেন ফটিক বৈষ্ণব (৬৫)। পসরা বলতে নানা ধরনের সবজির বীজ। প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হয়। এ আয়েই চলে তাঁর সংসার।
শাসখাই বাজারের অবস্থান সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে। আশপাশের ১০ থেকে ১২ গ্রামের মানুষ এ হাটেই বাজারসওদা করেন। সারা দিন কৃষিকাজ শেষে বিকেলে ফটিক এখানে বীজ বিক্রি করেন। স্ত্রী, দুই ছেলে, এক ছেলের স্ত্রী ও সন্তান নিয়ে ছয় সদস্যের সংসার তাঁর। বড় ছেলের বয়স ২৬, ছোটজনের ১৫। ফটিকের দুই মেয়ে। বেশ কয়েক বছর আগে তাঁদের বিয়ে দিয়েছেন। ছেলেদের নিয়ে নিজের জমিতে চাষবাস করেন।
ফটিক বৈষ্ণবের বাড়ি আনন্দনগর বিষ্ণুপুর গ্রামে। তিনি জানান, খেত থেকে প্রতিবছর ৪৫ মণ বোরো ধান পান। এ ধানে খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছুটা বিক্রি করেন। তবে এতে সংসার ঠিকমতো চলছিল না। তাই তিন বছর আগে বীজ বিক্রির ব্যবসা শুরু করেন। এ ছাড়া কয়েক বছর ধরে মাসে ৫০০ টাকা করে বয়স্ক ভাতা পান। বড় পরিসরে ব্যবসা দেওয়ার আর্থিক সামর্থ্য তাঁর নেই। এ কারণে কষ্ট করেই সংসার চালাতে হচ্ছে তাঁকে।
গত বৃহস্পতিবার ফটিক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়। তখন রাত ততটা গভীর হয়নি; ঘড়িতে আটটার কাঁটা ছুঁই ছুঁই। এ সময়েই চরাচরজুড়ে নেমে এসেছে রাজ্যের নীরবতা। ব্যবসায়ীরাও তাই দোকানপাট বন্ধ করতে শুরু করেছেন। তবে কিছু চায়ের স্টলে চা পান করতে করতে লোকজন বাংলা সিনেমা দেখছিলেন। হাটে আসা মানুষেরাও ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেন। এমন সময় মাটিতে গামছা পেতে আপন মনে বসে ছিলেন ফটিক। অন্ধকার তাড়াতে সামনে জ্বালিয়েছিলেন একটি মোমবাতি।
ফটিক বৈষ্ণবের সামনে মুলা, মিষ্টি কুমড়া, শিম, পেঁপে, লাউ, ফুলকপি, ডাঁটা, চালকুমড়া, করলা, বেগুনসহ নানা ধরনের বীজের সমাহার। ফটিক বলেন, এখন সব এলাকা ডোবা (বর্ষার পানিতে তলিয়ে আছে)। তাই বীজের বেচাকেনা নেই। কার্তিক–অগ্রহায়ণ মাসে পানি কমলে বীজের বিক্রি বাড়ে। তখন প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি হয়। তবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় এ আয়ে তাঁকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ফটিক আক্ষেপ নিয়ে বলেন, ‘পুঞ্জি (পুঁজি) থাকলে রাস্তাত থাকি নি? যে ধান জমি থাকি পাই, তা দিয়া খোরাক অইলে চলনের টেকা হাতে থাকে না। তাই বীজের অস্থায়ী ব্যবসা দিছি। বাজারেও ঘর ভাড়া কইরা ব্যবসা দেওনের সামর্থ্যও নাই। বৃষ্টি থাকলে বাইরে (ফুটপাতে) বীজ লইয়া বইতাম পারি না। যেদিন বৃষ্টি থাকে, ওই দিন ব্যবসাও বন্ধ থাকে। ইতা দোকানদারি নি? চলতামই পারতাছি না ভালামতো।’