
সুন্দরবনে দস্যুতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন নয়ন বাহিনী নামের একটি দস্যু দলের সদস্য।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তাঁদের সবাইকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মাসুম ফরাজী (৩৫), একই গ্রামের মো. হাছান কবিরাজ (৩০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের আলমগীর হোসেন হাওলাদার। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিনটি গুলি, দুটি রামদা, রডের টুকরা, একটি ডিঙি, দুটি টর্চ লাইট, রশিসহ দস্যুতায় ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে কিছু জেলে অপহরণের শিকার হন। জলদস্যু-বনদস্যুরা জেলে অপহরণ করে জিম্মায় রেখে মুঠোফোনের মাধ্যমে অপহৃতদের স্বজনদের কাছ টাকা দাবি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে অভিযানে নামে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার ভোরে জেলার মোংলা উপজেলার ঘোলসংলগ্ন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের মিরাগামারী খালের উত্তর পাড় থেকে ওই তিন দস্যুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনের মধ্যে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করা কোনো দস্যু নেই জানিয়ে পুলিশ সুপার বলেন, এই দস্যুদের কেউই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা দস্যু নন। তাঁরা সবাই একসময় সুন্দরবনে জেলে হিসেবে মাছ শিকার করতেন। সম্প্রতি তাঁরা দস্যুতায় লিপ্ত হন। তাঁরা নিজেদের নয়ন বাহিনীর লোক বলে পরিচয় দিয়েছেন। তিনজনের মধ্যে মাছুম ফরাজী নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচয় দিয়েছেন। মাছুম ফরাজীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে। সুন্দরবনে দস্যুতায় জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এর আগে সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে অভিযানে মুক্ত ও উদ্ধার করা হয়েছে বলে পৃথকভাবে দাবি করে পুলিশ এবং র্যাব ও কোস্টগার্ড। তবে জেলেদের স্বজনেরা দাবি করেন, জেলেদের মুক্ত করা হয়েছে অপহরণকারী দস্যুদের মুক্তিপণের টাকা দিয়ে। প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুই বছর ধরে চলা বিভিন্ন বনদস্যু ও জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনে দীর্ঘদিন ধরে চলে আসা দস্যুতার অবসান ঘটে।