সোনাগাজীতে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় আটক তরুণী মায়ের জিম্মায়

গতকাল রাত সাড়ে আটটার দিকে এক তরুণী হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে আটক ছকিনা আক্তার (২০) নামের ওই তরুণীকে তাঁর মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ। ওই তরুণী ‘মানসিক ভারসাম্যহীন’ সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে পুলিশ ছকিনাকে তাঁর মায়ের জিম্মায় দেয়।

এর আগে গতকাল সোমবার রাতে ছকিনা পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় এক নেতার ছবি ও কাচের গ্লাস ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীরা ছকিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে ছকিনা আক্তারের পরিবার দাবি করছিল, ছকিনা মানসিক ভারসাম্যহীন। পাঁচ থেকে ছয় দিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছেন।

পুলিশ জানায়, ছকিনা আক্তার উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার নুরুল আমিনের মেয়ে। ছকিনার স্বামী সৌদি আরবপ্রবাসী। ছয় মাস ধরে স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন ছকিনা। গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ছকিনা আক্তার হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ের দেয়ালে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী ওরফে নাসিমের ছবি ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের টেবিলের ওপর রাখা দুটি কাচের গ্লাসও ভেঙে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীরা ছকিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনার পর খবর পেয়ে ছকিনার মা হাসিনা বেগম আওয়ামী লীগের কার্যালয়ে যান। এ সময় হাসিনা বেগম তাঁর মেয়েকে মানসিক ভারসাম্যহীন দাবি করে এ-সংক্রান্ত কিছু চিকিৎসাপত্র পুলিশ ও দলীয় নেতাদের দেখান। হাসিনা বেগম বলেন, গত সপ্তাহে ছকিনা সৌদি আরব থেকে একা দেশে ফিরেছেন। এর পর থেকেই অসংলগ্ন আচরণ করছেন। ছকিনাকে কুমিল্লার নাঙ্গলকোটের একটি মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। গত শনিবার বিকেলে ছকিনা বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ছকিনার বিষয়ে রাতভর পুলিশ বিভিন্নভাবে তদন্ত করেছে এবং তাঁর চিকিৎসাপত্র পর্যালোচনা করতে ওই হাসপাতালেও যোগাযোগ করেছে। ছকিনা ‘মানসিক ভারসাম্যহীন’—এই দাবির সত্যতা পাওয়ার পর পুলিশ তাঁকে তাঁর মায়ের জিম্মায় দিয়েছে। তাই এ বিষয়ের তাঁদের আর কোনো অভিযোগ নেই।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, ছকিনার চিকিৎসাপত্র সংযুক্ত করে গতকাল রাতেই তাঁর মা থানায় লিখিত আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের ভিত্তিতে ছকিনা মানসিক রোগী—এই সত্যতা পাওয়ার পর তাঁকে তাঁর মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।