১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর তৈরি বাংকার। যেখানে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে এনে নির্যাতন করা হতো। গতকাল সকালে মৌলভীবাজার পিটিআইয়ে
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর তৈরি বাংকার। যেখানে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে এনে নির্যাতন করা হতো। গতকাল সকালে মৌলভীবাজার পিটিআইয়ে

হানাদার বাহিনীর নিষ্ঠুরতা

নির্যাতনের চিহ্ন এখনো আছে

বাংকারটি ক্ষতিগ্রস্ত হলে মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবময় লড়াই-সংগ্রামের ইতিহাসের স্মৃতিচিহ্ন সরাসরি দেখার সুযোগ হারাবে নতুন প্রজন্ম।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা, সাধারণ মানুষের আত্মত্যাগের নানা কাহিনির ক্ষতচিহ্ন এখনো দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে। এ রকম নির্যাতনকেন্দ্রের একটি স্মৃতিচিহ্ন হচ্ছে মৌলভীবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ‘বাংকার’ (পরিখা)।

এই বাংকার মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকিস্তানি বাহিনীর অনেক নিষ্ঠুরতার স্মৃতিচিহ্ন ধারণ করে আছে। অনেক মানুষকে এই বাংকারে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। নির্মমতার, পৈশাচিকতার ঘটনাসমূহ বুকে নিয়ে এখনো একটি যুদ্ধের কথাই বলে যায় এই বাংকার। 

কিন্তু বাংকারটিকে এখনো পরিকল্পিতভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। বাংকারটি ধীরে ধীরে ক্ষয় ও দুর্বল হচ্ছে। বাংকারটি ক্ষতিগ্রস্ত হলে মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবময় লড়াই-সংগ্রামের ইতিহাসের স্মৃতিচিহ্ন সরাসরি দেখার সুযোগ হারাবে নতুন প্রজন্ম। এই বাংকার দেখে নতুন প্রজন্মের পক্ষে যতটা জীবন্ত ইতিহাসকে ছুঁয়ে যাওয়া সম্ভব হবে, বই পড়ে বা অন্য কোনোভাবে হয়তো সেই সুযোগ হয়ে ওঠে না।

বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়ভাবে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার পিটিআই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার। পিটিআইয়ের বিভিন্ন কক্ষ ও বাংকারে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে আটকে রাখা হতে। তাঁদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। হত্যা করে পাশের একটি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। পুরো মুক্তিযুদ্ধের সময় ৩০ ফুট বাই ২৫ ফুটের এই বাংকার ছিল একটি নির্যাতনের কেন্দ্র। সেই সময় পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত মানুষের চিৎকার, আর্তনাদে রাতের নীরবতা ভেঙে পড়েছে। এখনো মানুষের মুখে মুখে সেই নির্মমতার রোমহর্ষ কাহিনি শুনে অনেকেই শিউরে ওঠেন। পিটিআইয়ের পাশেই রেস্টহাউস ভবন। সেখানেও লোকজনকে আটকে রেখে চালানো হতো নির্যাতন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন জানিয়েছেন, পর্যটন রেস্টহাউস ও পিটিআইয়ে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ক্যাম্প স্থাপন করে। এটা তাদের ব্রিগেড হেডকোয়ার্টার ছিল। স্থানটি এখনকার মতো ছিল না। চারদিকে ঝোপ-জঙ্গলের মধ্যে রেস্টহাউস ভবন ছিল। রেস্টহাউসের স্থানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। সেই সময়ের পরিবেশ এখন বোঝার উপায় নেই। পিটিআইয়ে পাকিস্তানি বাহিনী বাংকার স্থাপন করে। পিটিআই বাংকার ও পর্যটন রেস্টহাউস তাদের নির্যাতনকেন্দ্র ছিল। পাকিস্তানি বাহিনী প্রয়াত সংসদ সদস্য আজিজুর রহমানকে এখানে ধরে নিয়ে এসেছিল। তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তিনি মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে গঠিত মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। এখানে ধরে নিয়ে আসা হয় প্রয়াত আওয়ামী লীগ নেতা ব্যোমকেশ ঘোষ, কানু দেবসহ আরও অনেককেই।

বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘পিটিআই ও রেস্টহাউসে পাকিস্তানি বাহিনী অনেককে ধরে এনে নির্যাতন করেছে। নির্যাতন শেষে কানু দেব, বলাইদাকে হত্যা করেছে। এই স্থানটি একটি ঐতিহাসিক স্থান। কিন্তু বাইরে থেকে এখানে যে একটি বাংকার আছে, তা বোঝা যায় না।’ তিনি বলেন, ‘রেস্টহাউসের স্থানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। মুক্তিযুদ্ধকে জানতে এই স্থানগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করা সংরক্ষণ করা দরকার। এখানে বাংকারের নামফলক, গেট থাকলে অনেকে চিনতে পারত, ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হতো।’ 

গতকাল মৌলভীবাজার পিটিআইয়ে গিয়ে দেখা গেছে, বাংকারের তিন দিকে ভবন। দক্ষিণ দিকে নিচু পাকা দেয়াল, দেয়ালের ওপর গ্রিল। বাংকারের দক্ষিণ পাশে কিছু ফুলের গাছ লাগানো আছে। ফুলগাছের পাশ দিয়ে ইট বিছানো ছোট হাঁটাপথ। বাংকারের ওপরে ঢালাই ছাদে অনেকগুলো ফুলের টব। কিছু টবে ফুলের গাছ আছে। অনেকগুলো খালি ও ওলটানো অবস্থায়। তবে বাংকার, বাংকারের ঢোকার সিঁড়িপথসহ আশপাশ অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন। স্থানীয় লোকজন জানিয়েছেন, মাঝেমাঝে বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে এখানে শিক্ষার্থীদের নিয়ে আসা হয়। তাদের ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা জানানো হয়, যুদ্ধের একটি স্মারকচিহ্নের সঙ্গে পরিচয় করানো হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই বাংকারটি সংরক্ষণ করা দরকার। এই বাংকার মুক্তিযুদ্ধের একটি প্রত্যক্ষ স্মৃতি। নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে প্রত্যক্ষভাবে তুলে ধরতে এই বাংকার একটি গুরুত্বপূর্ণ স্থান।’ তিনি বলেন, ‘আমরা বাংকারটি সংরক্ষণের জন্য এখনো ডিজাইন করতে পারিনি। গণপূর্ত বিভাগকে বলা হয়েছিল। কিন্তু এখনো পাওয়া যায়নি। এখন চেষ্টা করছি বেসরকারি ফার্মকে দিয়ে ডিজাইন করানোর। সিলেটের একটি ফার্মের সঙ্গে কথা হয়েছে। তারা কিছুদিনের মধ্যে এসে স্থান দেখবে। তারপর ডিজাইন করে দিলে এটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’