
সাত বছর পর রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তাজবুল ইসলামকে সভাপতি, ওয়াজেদ আলী খানকে সাধারণ সম্পাদক ও বিমল সরকারকে সহসভাপতি করা হয়েছে। ভোটাভুটি ছাড়াই প্রার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধনের কথা থাকলেও সম্মেলনস্থলের পাশে দুটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও ৫০০ গজ দূরে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র থাকার কারণে বেলা ১টায় সম্মেলন শুরু হয়। রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক তাজবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগর সভাপতি সমীর চন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম। সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, আওয়ামী লীগ নেতা জিনাতুন নেসা তালুকদার, সংসদ সদস্য এনামুল হক, মনসুর রহমান প্রমুখ।
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ সফল হয়নি উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ফাঁকা মাঠে তারা সমাবেশ করেছে। কিছু মিডিয়াতে ব্যাপক লোকজনের উপস্থিতির যে ছবি এসেছে, তা ক্যামেরার কারসাজি। রাজশাহীতে বিএনপি সরকার পতনের সেমিফাইনাল এবং ঢাকায় ফাইনাল খেলতে চেয়েছিল, তবে তা হয়নি। এটা তাদের দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে মামার বাড়ির আবদার উল্লেখ করে এ এইচ এম খায়রুজ্জামান বলেন, বাংলাদেশে উন্নত দেশের মতোই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নির্বাচন হবে। বিএনপি ফাঁকা মাঠে গোলে দেওয়ার যে চেষ্টা করছে, তা এই দেশের মাটিতে হবে না। তারা ১০ ডিসেম্বর দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দলীয় নেতা-কর্মীরা তা প্রতিহত করবেন। এ জন্য দেশের প্রতিটি পাড়া–মহল্লায় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বিএনপির উদ্দেশে কৃষক লীগের রাজশাহী অঞ্চলের সহসভাপতি আবদুল লতিফ বলেন, তারা দেশে অরাজকতার সৃষ্টি এবং জ্বালাও-পোড়াও করলে প্রতিহত করা হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী উপস্থিত থেকে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেন। পরে দলের কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে ভোটাভুটি ছাড়াই তিন সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।