
ফরিদপুরের সালথা উপজেলায় ফাঁদ পেতে পাঁচটি অতিথি পাখি শিকারের দায়ে দুই তরুণকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী।
দণ্ড পাওয়া দুই তরুণ হলেন মো. ইমামুল মোল্লা (১৯) ও আবদুর রহিম মোল্লা (২০)। তাঁরা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, রোববার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে এক ব্যক্তি জানান, ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছেন ইমামুল ও রহিম। এ সময় সালথা থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধারের পাশাপাশি পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও বলেন, বিষয়টি সালথা উপজেলা প্রশাসনকে জানালে ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী। পরে তিনি ঘটনাস্থলে আদালত বসিয়ে এই সাজা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী বলেন, অতিথি পাখি শিকারের দায়ে ইমামুল ও রহিম নামের দুই শিকারিকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, উদ্ধার পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।