মুখে কথা বলতে না পারলেও গোলাম রাব্বানীর রংতুলির আঁচড়ে ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে জীবনের নানান টুকরো গল্প।
আঁকাবাঁকা গ্রামীণ মেঠো পথ। দুই পাশে ফসলের সবুজ খেত ও গাছগাছালি। দূরের সবুজে ঘেরা গ্রামে গৃহস্থের বাড়ি কিংবা বিশাল জনসমাবেশে তর্জনী উঠিয়ে ভাষণরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথবা বাংলাদেশের পতাকা হাতে স্লোগানে মুখর ছাত্র–জনতা।
এমন সব দৃশ্যচিত্র রংতুলিতে ফুটিয়ে তোলেন গোলাম রাব্বানী (২৫)। জন্ম থেকেই সমাজের আর দশটা ছেলেমেয়ের চেয়ে আলাদা হলেও তিনি প্রতিবন্ধিতা জয় করেছেন। হয়ে উঠেছেন
চিত্রশিল্পী। মুখে কথা বলতে না পারলেও তাঁর রংতুলির আঁচড়ে ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে জীবনের নানান টুকরো গল্প।
বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তরুণ গোলাম রাব্বানীর বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মহেষপুর গ্রামে। প্রতিবন্ধী হলেও তিনি রংতুলি হাতে অনন্য। নিরলস চেষ্টায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে তাঁর আঁকা ছবিগুলো। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সমাজের অবহেলিত মানুষের ছবি ও প্রাকৃতিক দৃশ্য এঁকে পেয়েছেন একাধিক পুরস্কার।
মহেশপুর গ্রামের কৃষক সাইদুর রহমান ও সেলিনা বিবির ছেলে রাব্বানী। তাঁরা দুই ভাই ও দুই বোন। সেলিনা বিবি বলেন, ‘রাব্বানী জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। নানা জায়গায় চিকিৎসা করেও কাজ হয়নি। অন্যদের চেয়ে আলাদা হওয়ায় ছোটবেলায় অন্য শিশুরা তার সঙ্গে খেলত না। এ জন্য তার অনেক মন খারাপ হতো। তার খেলার সঙ্গী ছিল খাতা আর পেনসিল। নিজের মনের খেয়ালে আঁকিবুঁকি করত। ছবি আঁকায় বুঁদ হয়ে থাকত।’
প্রতিভার বিকাশে বর্তমানে রাজশাহী আর্ট কলেজে পড়াশোনা করছেন রাব্বানী। কলেজের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ‘রাব্বানী অনন্য প্রতিভাধর। প্রতিবন্ধী হলেও নিজ আগ্রহে সে তার প্রতিভাকে বিকশিত করে চলেছে। শিক্ষক হিসেবে আমরা তার প্রতিভার পরিপূর্ণ বিকাশের জন্য পরিচর্যা করে যাচ্ছি। ছবি আঁকায় তার আগ্রহ দেখে বোঝা যায়, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে সে একজন ভালো চিত্রশিল্পী হতে পারবে।’
ছোটবেলায় রাব্বানীকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কানে শুনতে না পারা ও কথা বলতে না পারার কারণে অন্য শিশুদের সঙ্গে পড়ালেখায় তাল মেলাতে পারতেন না। বাবা সাইদুর রহমান বলেন, পরে এক চিকিৎসকের পরামর্শে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের স্কুল রাজশাহী হাইকেয়ার স্কুলে তাঁকে ভর্তি করানো হয়। এলাকার স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে পাস করার পর উচ্চমাধ্যমিকে পড়তে রাজশাহী আর্ট কলেজে ভর্তি হন। ওই কলেজে ভর্তি হয়ে প্রথম বছরেই আন্তকলেজ প্রতিযোগিতায় ছবি আঁকায় দ্বিতীয় পুরস্কার পান রাব্বানী।