
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেনসহ ২২৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
ঘটনার দুই দিন পর আজ মঙ্গলবার রাতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে এসআই মোফাজ্জল হোসেন বলেন, মামলার এজাহারে বেআইনিভাবে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। মামলায় বিএনপির ৭৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হেতেমদী মোড়সংলগ্ন এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ২৭ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। এ ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও ১১ জন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটির সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন ওরফে বকুল, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী ও উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান।
বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলটি হেতেমদী মোড়সংলগ্ন এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ২৭ জন গুলিবিদ্ধ হন। এ সময় সরকারি দলের নেতা-কর্মীদের হামলায় আরও ১১ জন আহত হন। এর মধ্যে মনোহরদী পৌরসভার কমিশনার শামসুন্নাহার ও বাবুল আকন্দকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সরদার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাবার বুলেট ছুড়ে ২৭ নেতা-কর্মীকে গুলিবিদ্ধ করার পর উল্টো এখন মামলা করেছে। এভাবে মামলা-হামলা করে আমাদের রাজপথ থেকে সরানো যাবে না। গণমানুষের কাছে তাদের অবস্থান বুঝতে পেরে সরকার পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছে।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, ‘ওই দিন বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে সড়কের দিকে না যেতে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা অনুরোধ না রেখে আমাদের উদ্দেশে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বেআইনিভাবে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’