অন্য খবর

৫০ বছর ধরে উৎসবে বিনা পয়সায় রান্না করেন দরাজ

দরাজ আলী
দরাজ আলী

দরাজ আলী। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন উৎসবে রান্নার কাজ করছেন। ডাক পড়লেই তিনি চলে যান রান্না করতে। কিন্তু রান্নার জন্য টাকাপয়সা নেন না। প্রায় পাঁচ হাজার ছোট–বড় অনুষ্ঠানে তিনি রান্নার কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। এখনো অব্যাহত আছে তাঁর এই বিনা পয়সায় রান্নার কাজ।

দরাজ আলীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে। তাঁর বয়স এখন ৭২ বছর। তাঁর বাবা নওয়াব আলী কৃষক ছিলেন। ছোটবেলায় বাবাকে হারান দরাজ। তারপর নিজেই কৃষিকাজে যুক্ত হন। তাই আর লেখাপড়া হয়নি।

কীভাবে রান্নার কাজ শিখলেন, কেন বিনা পয়সায় রান্না করে দেন, তা জানালেন দরাজ আলী। ছোটবেলা থেকেই রান্নার অভ্যাস ছিল। রান্না করতে তাঁর ভাল লাগত। প্রায় ৫৫ বছর আগের কথা। মুশুদ্দি গ্রামের তাঁর চাচাতো ভাইয়ের ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিথিদের খাবার তৈরি করতে একজন বাবুর্চি ঠিক করা হয়। বাড়িতে আনা হয় রান্না করার সব সরঞ্জাম। কিন্তু সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বাবুর্চি। খবর পাঠান তিনি আসতে পারবেন না। তখন সবাই চিন্তায় পড়ে যান। এ সময় দরাজ আলী রান্নার দায়িত্ব নেন। রান্না শেষে খেয়ে সবাই প্রশংসা করেন। গ্রামে ছড়িয়ে পরে তাঁর রান্নার কৃতিত্বের কথা। তারপর বিয়ে, মৃত্যুবার্ষিকী, সুন্নতে খাৎনা, কুলখানিসহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ডাক পড়া শুরু হয়। আস্তে আস্তে শুধু মুশুদ্দি ইউনিয়ন নয়, পুরো ধনবাড়ীতেই ছড়িয়ে পরে তাঁর কথা। এখন ওই অঞ্চলে প্রায় অনুষ্ঠানেই তিনি রান্না করেন।

গত শুক্রবার মুশুদ্দি মৌলভীপাড়ার বাড়িতে গিয়ে কথা হয় দরাজ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে থেকে রান্নার কাজ করছি। কিছু জমি আছে। তা দিয়ে চলে যায়। রান্না করা আমার শখ। রান্না করতে আমার খুব ভালো লাগে। এটা আমার নেশা। তাই যেখানে ডাক পড়ে, সেখানে গিয়েই রান্না করে আসি। কারও কাছ থেকে কোনো টাকাপয়সা নিই না। ৪০–৫০ জনের রান্না থেকে শুরু করে সহস্রাধিক মানুষের রান্না করার অভিজ্ঞতা আছে। প্রতিবছর প্রায় ১০০ অনুষ্ঠানে রান্না করে থাকি। ৫০ বছরের বেশি সময় ধরে রান্না করছি। এ পর্যন্ত প্রায় ৫ হাজার অনুষ্ঠানে রান্না করেছি।’

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ধনবাড়ীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী জানান, তাঁদের এই অঞ্চলে কোনো অনুষ্ঠান মানেই দরাজ আলীর রান্না।