নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে
নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। তবে অন্য চারজন নিখোঁজ রয়েছেন। গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মৌয়ালদের গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাত নয়টার দিকে তাঁদের স্বজনেরা এসে বাড়িতে নিয়ে যান।

বন বিভাগের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহের সময় মৌয়ালদের বহনকারী একটি নৌকা সোমবার রাত নয়টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পাওয়ার পর বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে উদ্ধার করে বন বিভাগ। উদ্ধার হওয়া মৌয়ালেরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। তবে এখনো নিখোঁজ চার মৌয়াল। তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান বলেন, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নদীতে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় আটজন মৌয়াল ছিলেন। খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরের দিন জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ অপর চারজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।