আশুলিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় চারজন রিমান্ডে, একজন কারাগারে

আদালত
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় অটোরিকশায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের চারজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলার পর ওই পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন আজ রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার খেজুরটেকের আজগর হোসেন (৬০), গোকুলনগরের শহিদুল ইসলাম (৫০), পাড়াগ্রামের সাইদুর রহমান (৪০), আশুলিয়ার আরিফ ব্যাপারী (৫৪) ও চারাবাগের খোরশেদ আলম (৪০)। তাঁরা বিএনপির রাজনীতিতে সক্রিয়।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকার আশুলিয়া-চারাবাগ আঞ্চলিক সড়কের স্বপ্নপুরী পিকনিক স্পটের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দেন। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে নেতা-কর্মীরা রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত একটি অটোরিকশায় আগুন লাগিয়ে দেন। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটপাটকেলের আঘাতে চারজন পুলিশ সদস্য আহত হন। পরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ব্লেডের টুকরা ও আগুনে ক্ষতিগ্রস্ত রিকশাটি জব্দ করে। আহত পুলিশ সদস্যদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এসআই মো. আরাফাত উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজগর হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।