
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের খুনিকান্দি এলাকার বাসিন্দা মুজাফফর হাওলাদার ২০১৬ সালের ৪ ডিসেম্বর মারা গেছেন। কিন্তু মৃত্যুর ছয় বছর পর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। ওই এলাকার মিলন বকাউল নামের এক ব্যক্তি শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৭ নভেম্বর মামলাটির আবেদন করেন। আদালতের আদেশে ১ ডিসেম্বর ভেদরগঞ্জের সখীপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার এজাহার ও সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুজাফফর হাওলাদারের ছেলেমেয়েরা ঢাকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে মুজাফফর হাওলাদার, তাঁর ভাই মোতালেব হাওলাদার ও তাঁদের আরও কয়েকজন স্বজন মিলে ইদ্রিস আলী বকাউল নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জমি কেনেন। ইদ্রিস বকাউল মারা যাওয়ার পর সম্প্রতি ওই জমি নিয়ে তাঁর ছেলে মিলন বকাউলের সঙ্গে মুজাফফর হাওলাদারের স্বজনদের বিরোধ হয়। এর জেরে ২৭ নভেম্বর মিলন বকাউল শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি ও লুটপাটের মামলার আবেদন করেন।
আদালত মামলাটিকে এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সখীপুর থানাকে নির্দেশ দেন। এরপর ১ ডিসেম্বর মামলাটি সখীপুর থানায় নথিভুক্ত করা হয়। মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন ছয় বছর আগে মারা যাওয়া মুজাফফর হাওলাদার। মামলার এজাহারে মৃত মুজাফফরের বিরুদ্ধ অভিযোগ আনা হয়েছে, তিনি মিলন বকাউলের বর্গাচাষি হজরত আলীর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছেন।
এমন মামলায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃত মুজাফফরের সন্তানেরা। তাঁর ছেলে আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে ভাইবোনেরা ঢাকায় থাকি। বাবার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা হওয়ার খবরটি শুনে আমরা বিস্মিত ও আতঙ্কিত হয়েছি। মানুষ কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন মৃত ব্যক্তির নামে মামলা করতে পারেন। আমরা এ হয়রানি থেকে বাঁচতে চাই।’
মুজাফফরের ভাই ও মামলার আসামি মোতালেব হাওলাদার বলেন, ‘৪০ বছর আগে কেনা জমি নিয়ে এখন মিলনের সঙ্গে আমাদের বিরোধ। এ জন্য সে আমাদের হয়রানি করতে মামলাটি করেছে। সে আমার মৃত ভাইকেও অভিযুক্ত করেছে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ তিনি জানান, ওই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।
মামলার বাদী মিলন বকাউল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মুজাফফরের পরিবার আমার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে। তারা নানাভাবে আমাদের হয়রানি করছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহার লেখার সময় কম্পিউটারে টাইপ করার সময় তাঁর ভাই সেকান্দার হাওলাদারের নাম লিখতে গিয়ে ভুলে মোজাফফরের নাম চলে এসেছে। মোজাফফর যেহেতু মারা গেছেন, তাই তাঁর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে একটি মামলা রুজু হয়েছে। সেখানে একজন মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে তিনি শুনেছেন। ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত যা আসবে, সে অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।