মো. শামসুল আলম ও মুহম্মদ নজরুল ইসলাম
মো. শামসুল আলম ও মুহম্মদ নজরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন সহ–উপাচার্য নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে সহ–উপাচার্য (শিক্ষা) ও গণিত বিভাগের অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলামকে সহ–উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী তাঁদের এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে ঘটবে, তত দিন তাঁরা নিজ নিজ পদে বহাল থাকবেন। সহ–উপাচার্য হিসেবে তাঁরা তাঁদের বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন উপাচার্য, সহ–উপাচার্যসহ অন্যরা পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একই বছরের ১৮ সেপ্টেম্বর সহ–উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমানকে ও সহ–উপাচার্য (প্রশাসন) পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদকে চার বছরের জন্য নিয়োগ দেন। তবে ওই দুটি পদে নতুন নিয়োগ হওয়ায় নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাঁদের দুজনকে বিদায় নিতে হলো।