ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের অদূরে মিনি চিড়িয়াখানা–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩৫) কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করেন।
পরে ভুক্তভোগী তরুণী ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ভুক্তভোগী ওই তরুণী বোনের সঙ্গে সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার ওই তরুণী বোনের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় সাভারে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে আসেন। পরে সেখান থেকে হেঁটে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে সাভারে পরিচিতি একজনের বাসার উদ্দেশে রওনা দেন। তিনি মিনি চিড়িয়াখানার–সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আমিনুল ভুক্তভোগীর মুখ চেপে ধরেন এবং মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।
পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার একপর্যায়ে ভুক্তভোগী চিৎকার দিলে এক ব্যক্তি সেটি শুনতে পেয়ে ওই এলাকায় থাকা পুলিশের টহল দলকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি শুরু করে। টর্চের আলো দেখে আমিনুল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী তরুণী ধর্ষণচেষ্টার মামলা করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।