মানসিক প্রতিবন্ধীকে এড়াতে গিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সাবরাং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সাবরাং টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

জামাল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসায় তিনি তাঁকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

আজ সোমবার দুপুরে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামাল হোসেন উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমেদের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জামাল হোসেন রাত পৌনে ১০টার দিকে সাবরাং বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক মানসিক প্রতিবন্ধী সড়কের ওপর চলে এলে তাঁকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন জামাল হোসেন। এতে ওই প্রতিবন্ধী ব্যক্তি সামান্য আঘাত পেলেও জামাল হোসেন মাথা ও মুখে মারাত্মক আঘাত পান। স্থানীয় লোকজন দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় জামাল হোসেন মারা যান। পরে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাত আলম কানন প্রথম আলোকে বলেন, জামাল মাথা ও মুখে মারাত্মক আঘাত পাওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে দ্রুত পাঠানো হয় এবং সামান্য আহত মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।