
বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব নিয়েছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) পাথরঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তাসনিয়া মৌলি। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাসনিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।
তাসনিয়া পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী ও পাথরঘাটা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মান্নান ও শাহনাজ পারভীনের মেয়ে।
এনসিটিএফের উপজেলা কমিটির সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এ ছাড়া সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এইচ শাহ আলম, বেসরকারি সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন, এনসিটিএফের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবাইরা শ্রেষ্ঠা জামান, বেতাগী উপজেলা কমিটির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
প্রতীকী দায়িত্ব নিয়ে তাসনিয়া মৌলি বলে, বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এই মহতী উদ্যোগ পাথরঘাটার কন্যাশিশুদের অধিকার আদায়ে কাজ করবে। বিশেষ করে শোষণ, উত্ত্যক্ত ও নারী নির্যাতনমুক্ত পাথরঘাটা গড়তে তার ভূমিকা সচেষ্ট থাকবে। প্রয়োজনে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতেও সে পিছপা হবে না। সংবাদপত্রে প্রায়ই নারী নির্যাতন ও ধর্ষণের খবর পাওয়া যায়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার, নারীবান্ধব সমাজ গড়ার। এ স্বপ্ন বাস্তবায়নে তারা জয়ী হবেই।
নারী ও শিশুবান্ধব সমাজ গঠনে বিভিন্ন দাবি জানিয়ে তাসনিয়া মৌলি বলে, বিদ্যালয় চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পুলিশ বাহিনীর নজরদারি বাড়াতে হবে। তার বিদ্যালয় তাসলিমা মেমোরিয়াল একাডেমির সামনে ও আশপাশে প্রতিদিন বিকেলে বখাটে ও মাদকসেবীদের আড্ডা বসে, তা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাল্যবিবাহ বন্ধে এনসিটিএফ সদস্যদের ক্ষমতা বাড়াতে হবে। বাল্যবিবাহমুক্ত পাথরঘাটা গড়ে তুলতে তার চেষ্টা অব্যাহত থাকবে। এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সে সবার সহযোগিতা কামনা করে।
অনুষ্ঠানে ইউএনও সুফল চন্দ্র গোলদার বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার। প্রতীকী ইউএনওর দায়িত্ব পেয়ে তাসনিয়া মৌলির বক্তব্যে যা বলা হয়েছে, তা বাস্তবায়নে তিনি ব্যক্তিগতভাবে দ্রুত ব্যবস্থা নেবেন। এ ছাড়া মানবিক এবং শিশু ও নারীবান্ধব পাথরঘাটা গড়তে সবাইকে নিয়ে তাঁর চেষ্টা অব্যাহত থাকবে।