
ঢাকার সাভারে যুবদলের কর্মী-সমর্থকসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানা-পুলিশের দাবি, অনুমতি না নিয়ে সড়ক আটকে মিলাদ মাহফিলের আয়োজন করায় টহল পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা হলে তাঁদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ জানায়, দুপুরের দিকে সাভারের ছায়াবিথী এলাকায় যুবদলের সাবেক নেতা খোরশেদ আলম অনুমতি ছাড়াই তাঁর বাসভবনের সামনের সড়ক আটকে মিলাদ মাহফিলের আয়োজন করেন। টহল পুলিশ বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে সবাইকে সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানায়। একপর্যায়ে সেখানে উপস্থিত যুবদলের কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং তিনটি ককটেল নিক্ষেপ করেন। তবে ককটেল বিস্ফোরিত হয়নি। ইট-পাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
খোরশেদ আলমের বাসার পাশেই সাত-আটজনকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা বলে জানান স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, খোরশেদ পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, খোরশেদ আলমের বাসভবন ও তাঁর সামনের সড়কে মিলাদ মাহফিলের শেষের দিকে পুলিশ সদস্যরা উপস্থিত হন। বাসভবনের পাশেই অবস্থানরত উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হলে বাসভবনের ভেতর থেকে ‘ধর ধর’ বলে চিৎকার দেয় কয়েকজন। পরে পুলিশ ধাওয়া দিয়ে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া বাসার পাশেই সাত-আটজনকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
খোরশেদ আলমের শ্বশুর মো. শহীদুল্লাহ কায়সার প্রথম আলোকে বলেন, ‘এই মাসে খোরশেদের বাবা প্রয়াত হয়েছেন। খোরশেদ দীর্ঘদিন বাসায় ছিল না। বাসায় ফিরে সে প্রয়াত বাবার জন্য দোয়ার আয়োজন করেছিল। এলাকার সব কটি মসজিদ কমিটির সদস্য, হুজুর, মাদ্রাসার ছাত্র ও আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। হঠাৎ পুলিশ এসে লাঠিপেটা করে। ছাত্রলীগের ছেলেরাও বেশ কয়েকজনকে মারধর করে। তারা কেন এমন করল বুঝলাম না।’
জানতে চাইলে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’