
দিনাজপুরের বিরামপুরে আজ সোমবার সকালে কনকনে ঠান্ডার সঙ্গে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল সাড়ে ছয়টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও থেমে থেমে বৃষ্টি চলছে। এতে করে এই এলাকার নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। শীতের কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা এমনিতেই কম, তার ওপর বৃষ্টির কারণে জবুথুবু অবস্থা সবার।
জীবিকার প্রয়োজনে ভ্যানগাড়ি নিয়ে সাতসকালে বের হয়েছেন মোজাহার আলী। ঘন কুয়াশায় সামনের দিকের কিছু দেখা না গেলে যাত্রী পাওয়া অনিশ্চিত। যাত্রী না পেলে আয় হবে না, আয় না হলে সংসার চলবে কীভাবে, এ নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। বৃষ্টিতেও কেন বের হয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে মোর এনজিওর কিস্তি আছে। বৃষ্টির ভয়োত বাড়িত বসে থাকলে কিস্তির ট্যাকা ক্যাংকা করে শোধ দিমু! বাড়িত মুইসহ পাঁচজন খানেওয়ালা। ওমার মুখোতো তো ভাত দিবার নাগবে। বাড়িত বসে থাকলে তো না খাইয়ে থাকপার নাগবে!’
এমন আবহাওয়ার কারণে এলাকার স্থানীয় বাজারগুলোতে কমেছে মানুষের আনাগোনা। ফলে দোকানগুলোতে ক্রেতার সংখ্যা কম। কাটলা বাজারের ডিম ব্যবসায়ী তমেজ উদ্দিন বলেন, ‘এমনিতেই শীতের কারণে সকালে ক্রেতা কম থাকে। তার ওপর আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফলে অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকেই দোকানে ক্রেতা অনেক কম।’
দিনাজপুরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকালে তাপমাত্রা সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লেও আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস আছে। এতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়বে।