হাতাহাতির সুযোগে পালালেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি, পুলিশ সদস্য আহত

অপরাধ
প্রতীকী ছবি

বরিশালের মুলাদী উপজেলায় মনির হোসেন হাওলাদার (২২) হত্যার মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতির সুযোগে সটকে পড়েছেন সন্দেহভাজন ওই আসামি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন—সিআইডির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও কনস্টেবল আবদুল হাকিম। এসআই রুহুল আমিন মুলাদীর আলোচিত মনির হাওলাদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।

রুহুল আমিন বলেন, মামলার তদন্তে মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদারের নাম উঠে এসেছে। সন্দেহভাজন আসামি হিসেবে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে তিনিসহ সিআইডির একটি দল মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নেয়। রাত সাড়ে আটটার দিকে সিআইডি সদস্যরা আব্বাস হাওলাদারকে ধরতে গেলে আব্বাসের স্বজনেরা বিষয়টি বুঝতে পারেন। এ সময় তাঁরা সিআইডি সদস্যদের ঘিরে ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হাতাহাতির মধ্যে কোনো এক সময় আব্বাস হাওলাদার সেখান থেকে কৌশলে পালিয়ে যান। এতে তিনি ও কনস্টেবল আবদুল হাকিম সামান্য আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন।

গত বছরের ২৪ মে সকালে মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশ থেকে মনির হাওলাদারের (২২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনের নামে মুলাদী থানায় একটি হত্যা মামলা করেন। গত ৪ জুলাই মামলার তদন্তটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

মামলার বাদী পারভেজ হাওলাদার বলেন, ‘অনেক আসামিই বাইরে ঘুরে বেড়াচ্ছেন। শুনেছি, মামলার এজাহারভুক্ত আসামি ফোরকান মেহেন্দীগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সম্প্রতি চাকরি পেয়েছেন।’