বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, আছে কড়া নিরাপত্তা

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আজ বিকেলে
ছবি: মাইদুল ইসলাম

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

আগামীকাল শুক্রবার মহান বিজয় দিবস কেন্দ্র করে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে দেড় মাস ধরে প্রস্তুতি কার্যক্রম চলেছে। সেখানে ইতিমধ্যে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করেছেন সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা। এ ছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন।

বিজয় দিবসের আগের দিনই অনেক দর্শনার্থী স্মৃতিসৌধ দেখতে গিয়েছেন। তাঁরা সেখানে ছবি তুলছেন, দূর থেকে দেখছেন বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর স্মৃতিসৌধকে। তেমনই একজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সাঈদ লিটন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ এই যে স্বাধীনভাবে চলাফেরা করছি, আমার দেশ বলে পরিচয় দিতে পারছি, যেখানেই যাই, বুক উঁচু করে বলতে পারছি, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক—এটি সম্ভব হয়েছে যে মানুষদের জন্য, তাঁদের জন্য নির্মিত স্মৃতিসৌধ দেখতে আগেই চলে এসেছি।’

আজ বৃহস্পতিবার বিকেলে স্মৃতিসৌধ ঘুরে দেখা গেছে, প্রধান ফটকের সামনে সুদৃশ্য একটি অস্থায়ী ফটক স্থাপন করা হয়েছে। ফটকটি সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে। ফটক নির্মাণ করেছে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে শোভা পাচ্ছে নানা ধরনের ফুল আর পাতাবাহারের গাছ। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডগ স্কোয়াড দিয়ে প্রতিটি স্থানে তল্লাশি করছে। পাশাপাশি সেনাবাহিনীও আছে টইলে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ জন্য গত ১ নভেম্বর থেকে ধুয়ে-মুছে, রংতুলির আঁচড় ও নানা রঙের ফুল দিয়ে স্মৃতিসৌধ সাজানো হয়েছে। মেরামত করা হয়েছে লাইট ও পাইপলাইন। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিজয় দিবস কেন্দ্র করে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ইতিমধ্যে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে। এ কারণে যেন স্মৃতিসৌধ এলাকায় বসবাসকারী নাগরিকদের কোনো সমস্যা না হয়, তাই তাঁদের নাগরিকত্ব ফরম দেওয়া হয়েছে।

পুলিশ সুপার বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্বে সক্রিয় আছেন।