ফকির মাহবুব আনাম স্বপন
ফকির মাহবুব আনাম স্বপন

৪৫ বছর পর টাঙ্গাইল-১ আসনে জয় পেল বিএনপি

টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে জয়ের মুখ দেখেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন নির্বাচিত হওয়ায় দীর্ঘদিনের হারানো আসনটি ফিরে পেল বিএনপি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ছাড়া অন্য চার প্রার্থী জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে থেকে জয় পেয়েছিলেন ধনবাড়ীর নবাব পরিবারের সন্তান হাসান আলী চৌধুরী। তাঁর মৃত্যুর পর ১৯৮১ সালে উপনির্বাচনে তাঁর মেয়ে আশিকা আকবর সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আশিকা আকবর পরাজিত হন। জয়ী হন আওয়ামী লীগের আবুল হাসান চৌধুরী। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে বিএনপির তৎকালীন মহাসচিব আবদুস সালাম তালুকদার নির্বাচিত হন। পরে একই বছরের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে আবার নির্বাচন হলে বিএনপির মহাসচিব আবদুস সালাম তালুকদার আওয়ামী লীগের আবুল হাসান চৌধুরীর কাছে হেরে যান। তারপর আর কোনো নির্বাচনে এ আসনে জয় পায়নি বিএনপি।

দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় নেতা–কর্মীরা আনন্দে উদ্বেলিত। ফকির মাহবুব আনাম বলেছেন, ‘এ বিজয় মধুপুর–ধনবাড়ীর জনগণের। আমরা সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। বিপুল ভোটে নির্বাচিত করায় আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দার বলেন, ‘দীর্ঘদিন পর আমরা এ আসনে বিজয় অর্জন করেছি। সে জন্য দলীয় নেতা–কর্মীরা অনেক আনন্দিত।’