
অধিকাল ভাতা আবার চালু করার দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আজ সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। এ সময় স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের দাবি আদায় পরিষদের আহ্বায়ক ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান মিয়া, ট্রাফিক পরিদর্শক কে এম নাহিদুজ্জামান, ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্থলবন্দরের কর্মচারীরা দিন–রাত কাজ করেন। আগে সরকারঘোষিত কর্মঘণ্টার বাইরে কর্মচারীদের অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রদান করা হতো। কিন্তু ২০২৫ সালের নভেম্বর মাস থেকে স্থলবন্দরে কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা বন্ধ করে দিয়েছে। এতে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন।
তাঁরা শিগগিরই অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা আবার চালু করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।