
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়া মাগুরার ১১ নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি। আজ শনিবার সকালে মাগুরা জেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, গতকাল শুক্রবার দুপুরে ও রাতে দুই দফায় ঢাকার মিরপুর এলাকা থেকে শাহ আলী থানার পুলিশ তাঁদের আটক করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম, সদস্যসচিব মুন্সি রেজাউল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ আছেন। পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও কী অভিযোগে এবং কতজনকে আটক করেছে, তা নির্দিষ্ট করে জানায়নি।
আজ সকালে মুঠোফোনে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. হাসানুর রহমান বলেন, গতকাল শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর-১ এলাকার একটি বিপণি বিতান থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, মাগুরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান জুয়েল, চাউলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বসির আহমেদকে আটক করে নিয়ে যায় শাহ আলী থানা-পুলিশ। মহাসমাবেশে যাওয়ার কারণেই তাঁদের আটক করা হয়েছে। তাঁদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন। একই এলাকা থেকে শুক্রবার রাত ১১টার দিকে মাগুরা থেকে যাওয়া আরও ৮ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সকালে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মুন্সি রেজাউল ইসলামসহ আটজনকে রাতে আটক করা হয়েছে বলে জানতে পেরেছেন। সবাই মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যান।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শাহ আলী থানা ও দারুস সালাম থানা যৌথ অভিযান চালিয়েছে। সেখানে মাগুরার কিছু লোক আছে। তবে সংখ্যাটা বলতে পারছি না। তবে তারা দারুস সালাম থানায় আছে।’
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল বাসার বলেন, আটকের বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে তিনি অন্য জায়গায় খোঁজ নিতে বলেন।