বিএনপির কোনো আন্দোলনই সফল হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক
ফাইল ছবি

টাঙ্গাইলে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একবার দেয় ১০ দফা, আরেকবার দেয় ২৭ দফা। বিএনপির নেতারা বলেছিলেন, ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। আল্লাহর রহমতে এখনো শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। বিএনপির কোনো আন্দোলনই সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব আন্দোলন মোকাবিলা করবে।

আব্দুর রাজ্জাক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বোকারবাইদ এইচ বি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।

এ সময় আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতু নিজের টাকায় হবে। বহু মানুষ বলেছে, পদ্মা সেতু হবে না। খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতু ভেঙে পড়বে। খালেদা জিয়া কেন, বিএনপির সব লোকজন পদ্মা সেতু দিয়ে পার হলেও পদ্মা সেতু ভেঙে পড়বে না। এখন পদ্মা সেতু থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আয় হয়।

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আমাদের শক্তি দেশের উন্নয়ন। আমাদের শক্তি এ দেশের জনগণ। আওয়ামী লীগের শিকড় জনগণের গভীরে। কোনো হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী ও খন্দকার আবদুল গফুর, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও মীর ফরহাদুল আলম, কামরুজ্জামান প্রমুখ।