দিনাজপুরে দুই ট্রাকের মাঝে পড়ে প্রাণ গেল দুই বিক্রয় প্রতিনিধির

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে মির্জাপুর বাস টার্মিনালের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মাসুদ ইসলাম ওরফে মামুন (২৮) ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার সন্ধ্যারাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান ওরফে বাবু (৩২)। তাঁরা শিল্প গ্রুপ প্রাণের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিভিন্ন জায়গা থেকে কোম্পানির পণ্য বিক্রির অর্থ সংগ্রহ শেষে বাড়িতে ফিরছিলেন দুই সহকর্মী। মির্জাপুর এলাকায় গোরস্তান–সংলগ্ন রাস্তাটি দেবে যাওয়ায় পানি জমে ছিল। পাথরবোঝাই তিনটি ট্রাক এক সারিতে পঞ্চগড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় পানি জমে থাকায় ট্রাক তিনটি ডানের দিকে চেপে নেন চালকেরা। মোটরসাইকেলটি ট্রাকগুলোকে ওভারটেক করতে যায়। সে সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসে। মোটরসাইকেলটি দুটো ট্রাকের মাঝে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, মাসুদের এক বছর বয়সী একটি ছেলে আছে। আর রাহিদের ছয় বছর বয়সী এক মেয়ে আছে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাকের চাকায় উভয়ের কোমরের অংশ থেঁতলে গেছে। ট্রাকের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।