কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহত দুজনই মোটরসাইকেল আরোহী। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া উপজেলার নলবিলার ডলমপীর শাহ মাজার–সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. জিসান (৩৪)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, জিসানসহ চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে বান্দরবান আদালতে একটি মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। চকরিয়া এলাকায় ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী গ্রিনলাইন পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা একজন নিহত এবং একজন আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।