রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. শরীফ উদ্দীন। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
শরীফ উদ্দীন বলেন, ‘আপনাদের মূল্যবান ভোটের গণনায় কিছু অনিয়মের বিষয় আমাদের নজরে এসেছে। জনগণের ভোটের মর্যাদা রক্ষায় আমরা পুনরায় ভোট গণনার জন্য আপিল করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য কখনো হার মানে না। আইনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।’
প্রথম আলোকে শরীফ উদ্দীন বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন জমা দেওয়া হয়েছে এবং এর অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।
ভোটের ব্যবধান সম্পর্কে বিএনপির প্রার্থী বলেন, সাধারণ ভোটে ব্যবধান প্রায় ৭০০। পোস্টাল ব্যালট মিলিয়ে ব্যবধানের চিত্র আলাদা হলেও মূল গণনায় পার্থক্য কম। ভোট বাতিল হয়েছে সাত হাজারের বেশি। এসব বাতিল ভোট যথাযথভাবে বাতিল হয়েছে কি না, সেটিও যাচাই করা দরকার।
এ ছাড়া কিছু কেন্দ্রের ফলাফলে পোলিং এজেন্টের সই ছাড়া ফল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন এই প্রার্থী। তাঁর ভাষ্য, যেখানে পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে সই ছাড়া কীভাবে ফল প্রকাশিত হলো, সেটা দেখতে চান তিনি। উপস্থিত না থাকলে সেটি আলাদাভাবে পর্যালোচনা করতে হবে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মো. মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম ধানের শীষের প্রার্থী মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ভোটের ব্যবধান ১ হাজার ৮৮৪ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৯৮৬টি। ভোট বাতিলের হার ২ দশমিক ২৬ শতাংশ।