প্রকল্পের অধীনে জামির্ত্তা ইউনিয়নে প্রায় তিন হাজার ফুট একটি গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে। কাজটি করার কথা ছিল শ্রমিক দিয়ে।

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ শ্রমিকদের দিয়ে করানোর বিধান রয়েছে। অথচ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এ প্রকল্পে একটি গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ শ্রমিকদের না দিয়ে করা হচ্ছে খননযন্ত্রে (এক্সকাভেটর)। বিষয়টি নিয়ে স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রকল্প–সংশ্লিষ্ট ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ শ্রমিকদের দিয়েই কাজ করানোর কথা। তবে সিঙ্গাইরের জামির্ত্তা ইউনিয়নে একটি প্রকল্পে তা মানা হচ্ছে না। এতে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। প্রকল্পটির সভাপতি স্থানীয় জামির্ত্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস উদ্দিন। শ্রমিকদের বদলে তিনি খননযন্ত্র দিয়ে রাস্তা নির্মাণের কাজ করছেন।
রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ফুট। রাস্তাটি নির্মাণ অনেক ব্যয়বহুল। রাস্তাটি অনেক উঁচু করে করতে হচ্ছে। প্রতিদিন ৪০০ টাকা করে ৩৬ জন শ্রমিক দিয়ে রাস্তাটি করার কথা ছিল। তবে এই টাকায় বর্তমানে কোনো শ্রমিক কাজ করতে চান না।আব্বাস উদ্দিন, প্রকল্পের সভাপতি
ক্ষোভ প্রকাশ করে মোজাফফর হোসেন নামে এক শ্রমিক বলেন, ‘কয়েক মাস ধরে হাতে তেমন কোনো কাজ নাই। দুই দিন কাজ করলে এক দিন বসে থাকতে হয়। অথচ সরকার যে কাজ শ্রমিক দিয়ে কাজ করতে বলেছে, সেই কাজ করা হচ্ছে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে ৪০ দিনের কর্মসূচি শুরু হয় গত ২৬ নভেম্বর। উপজেলার ১১টি ইউনিয়নে ৩৮টি প্রকল্পে মোট ১ হাজার ৬ জন শ্রমিকের এসব প্রকল্পে কাজ করার কথা। এ জন্য প্রত্যেক শ্রমিকের মজুরি দৈনিক ৪০০ টাকা বরাদ্দ রয়েছে।
এসব প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পে ৮৬ জন শ্রমিকের বরাদ্দ পায় জামির্ত্তা ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের চন্দনপুর গ্রামের সাবাস খাঁর হালট থেকে আব্বাস উদ্দিনের (ইউপি সদস্য) বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ প্রকল্পে ৩৬ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রকল্পটিতে শ্রমিকের বদলে খননযন্ত্র দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তার পাশে নিচু জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে রাস্তাটির প্রায় এক–তৃতীয়াংশ কাজ এরই মধ্যে হয়ে গেছে। এ কাজে একজন শ্রমিককেও কাজে লাগানো হয়নি।
অভিযোগের বিষয়ে প্রকল্পের সভাপতি আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ফুট। রাস্তাটি নির্মাণ অনেক ব্যয়বহুল। রাস্তাটি অনেক উঁচু করে করতে হচ্ছে। প্রতিদিন ৪০০ টাকা করে ৩৬ জন শ্রমিক দিয়ে রাস্তাটি করার কথা ছিল। তবে এই টাকায় বর্তমানে কোনো শ্রমিক কাজ করতে চান না। এ কারণে খননযন্ত্র দিয়ে রাস্তা নির্মাণের কাজ করতে হচ্ছে।
শ্রমিকের বদলে খননযন্ত্র দিয়ে প্রকল্পের কাজ করার বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসেরের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, শ্রমিকদের বদলে খননযন্ত্র দিয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ করার কোনো সুযোগ নেই। শ্রমিকদের বদলে খননযন্ত্র দিয়ে কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।