দুই গ্রামের পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি কেটে দেড় কিলোমিটারের একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায়
দুই গ্রামের পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি কেটে দেড় কিলোমিটারের একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায়

শত বছরে যা হয়নি, স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে এগিয়ে এসে তাই করে দেখালেন গ্রামবাসী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের কেউৎ ও সুহালী গ্রামবাসীর চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। এতে শত বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের হাজারো মানুষকে। দুই গ্রামের মানুষের জমির আইল দিয়ে যাতায়াতে সারা বছর চরম দুর্ভোগ পোহাতে হয়। অবশেষে এবার দুই গ্রামের পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি কেটে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য এবং আট ফুট প্রস্থবিশিষ্ট এই রাস্তার জন্য মাটি কাটার কাজ শুরু হয়েছে আজ বুধবার।

গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সব ভেদাভেদ ভুলে এ উদ্যোগে যোগ দিয়েছেন দলমত-নির্বিশেষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ। আর পুরো উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। মাটিকাটা শেষে স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তাটি পাকাকরণের সিদ্ধান্ত হয়েছে উপজেলা পরিষদ থেকে।

প্রথম দিনে মাটিকাটার কাজ শেষে পাঁচ শতাধিক মানুষকে মাছের আলুঘাঁটি দিয়ে দুপুরের ভাত খাওয়ান দুই গ্রামের মানুষ। কেউ চাল দিয়েছেন, কেউ দিয়েছেন খেতের আলু, কেউ পুকুরের মাছ। গ্রামের যেসব মানুষের কিছুই দেওয়ার সামর্থ্য নেই, তাঁরা রান্নার কাজে সহযোগিতা করেছেন।

কেউ সুহলী গ্রামের বাসিন্দা, কেউ কেউৎ গ্রামের। ডালি-কোদাল হাতে স্বেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছেন দুই গ্রামে মানুষ। বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায়

কেউৎ ও সুহলী গ্রামের বাসিন্দারা জানান, কেউৎ ও সুহলী দুই গ্রামের লোকজনের চলাচলের জন্য কোনো রাস্তা নেই। গ্রামের লোকজনকে নানা প্রয়োজনে উপজেলা ও ইউনিয়ন সদরে ছাড়াও হাট-বাজার স্কুল-কলেজে, আত্মীয়স্বজনের বাড়িতে, খেতে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে প্রতিদিনই যাতায়াত করতে হয়। গ্রামের শিশুরা প্রতিদিন কেউৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। প্রতিদিন দুই গ্রামের হাজারো মানুষের চলাচলে ভরসা জমির সরু আইল। সুহলী গ্রামের লোকজন প্রতিদিন জমির আইল দিয়ে হেঁটে প্রথমে কেউ গ্রামে আসেন। এরপর আবারও জমির আইল দিয়ে হেঁটেই কুড়াহার-অর্জুনগাড়ি পাকা রাস্তার মোড়ে গিয়ে ভ্যান-ইজিবাইক, অটোরিকশা ধরে জেলা-উপজেলায় যাতায়াত করতে হয়।

প্রথম দিনে মাটিকাটার কাজ শেষে পাঁচ শতাধিক মানুষকে মাছের আলুঘাঁটি দিয়ে দুপুরের ভাত খাওয়ান দুই গ্রামের মানুষ। কেউ চাল দিয়েছেন, কেউ দিয়েছেন খেতের আলু, কেউ পুকুরের মাছ।

বর্ষাকাল এলে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন দুই গ্রামের মানুষ। কাদাজল মাড়িয়ে আইল দিয়ে গ্রাম থেকে বের হওয়া দায় হয়ে পড়ে। সুহলী গ্রামের বাসিন্দা ও জয়পুরহাটের রায়কালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর মুন্না প্রথম আলোকে বলেন, বর্ষাকাল এলেই কাদাজলে চলাচল করতে না পেরে গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ গ্রামের কৃষকেরা সারা বছর জমিতে উৎপাদিত ধান, আলুসহ কৃষিপণ্য ভাঁড়ে করে, সাইকেলে ঠেলে বিক্রির জন্য হাটে নেন। বর্ষাকালে সাইকেলও চলে না। অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের কাঁধে করে বা ভাঁড়ে তুলে কুড়াহার-অর্জুনগাড়ি পাকা রাস্তার মোড়ে নেওয়ার পর মিলত যানবাহন।

পাঁচ শতাধিক মানুষ কেউৎ থেকে কুড়াহার-অজুনগাড়ি পাকা সড়কের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা মাটি কেটে নির্মাণ করছেন। বুধবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায়

গ্রামের একাধিক বাসিন্দা বলেন, গত বর্ষায় সুহলী গ্রামে একটি কাজে যান দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক। তিনি কাদাপানি মাড়িয়ে গ্রাম থেকে ফিরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে এ নিয়ে কথা বলেন। ইউএনও সুমন জিহাদীও ইতিবাচক সাড়া দেন। এরপর গত মাসে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় এ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, কেউৎ ও সুহলী গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে উপজেলা পরিষদ গ্রামবাসীকে সহযোগিতা করবে। মাটির রাস্তা নির্মাণ শেষে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে রাস্তাটি ইট বসানোরও উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, দেড় কিলোমিটার রাস্তা নির্মাণে অর্ধশতাধিক লোকজনকে ব্যক্তিগত জায়গা ছেড়ে দিতে হবে। লোকজন জায়গা ছেড়ে দিতে রাজি না হওয়ায় এত দিন রাস্তা নির্মাণ হয়নি। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে জায়গার মালিক ও গ্রামবাসীকে নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং গুনাহার ইউপি চেয়ারম্যান ৭ ডিসেম্বর কেউৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক করেন। সেখানে দু-একজন ছাড়া সবাই রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে রাজি হন। এরপর দুই গ্রামের লোকজন স্বেচ্ছায় রাস্তা নির্মাণে নেমে পড়েন।

এতদিন দুই গ্রামের হাজারো মানুষের চলাচলে ভরসা ছিল জমির সরু আইল। বর্ষায় দুর্ভোগের শেষ থাকত না

গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘আজ কুয়াশামোড়া সকাল থেকেই দুই গ্রামের পাঁচ শতাধিক কিশোর-তরুণ, যুবক, নারী-পুরুষসহ দলমত-নির্বিশেষে সবাই ডালি-কোদাল হাতে মাটি কেটে রাস্তা নির্মাণে লেগে পড়েন। ইউনিয়ন পরিষদের কর্মসৃজন কর্মসূচির শতাধিক শ্রমিক, অন্য গ্রামের লোকজন এবং ইউপি সদস্যদের নিয়ে আমি নিজেও গ্রামবাসীর সঙ্গে মাটি কাটার কাজে যোগ দিই। দুপুরে পাঁচ শতাধিক মানুষের আহারের জন্য দুই গ্রামের লোকজন নিজেরা চাল ও আলু দেন। পুকুর থেকে কেউ দেন মাছ। নিজেরাই কেউৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রান্নার ব্যবস্থা করেন। প্রথম দিনের কাজ শেষে সবাইকে দুপুরে একসঙ্গে আলুঘাঁটি দিয়ে ভাত খাওয়ানো হয়। আগামী তিন-চার দিনে আরও এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে মাটি কেটে নির্মাণকাজ চলবে।

দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘দুই গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাগবে উপজেলা পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা নির্মাণ শেষ হলে উপজেলা পরিষদ থেকে ইট বিছানোর কাজ করা হবে। দুই গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনেকের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে।’