জমি নিয়ে বিরোধ

প্রতিপক্ষের কিলঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

হত্যা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। উপজেলা সদরের বীরনগর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বীরনগর গ্রামের রহমত আলী ও মকবুল হোসেনের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হলেও বিষয়টি মীমাংসা হয়নি।

শনিবার দুপুরে মকবুল হোসেনের ছেলে গোলাম কিবরিয়া (৩৫) বাড়ির নিচু এলাকায় ঘাস কাটতে গেলে রহমত আলী বাধা দেন। এ সময় সেখানে কিবরিয়ার ছোট ভাই গোলাম হোসেনও (৩২) যান। এই সময় কথা–কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তাঁদের কিলঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময়ই স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া ও গোলাম হোসেনকে ধরে পুলিশে দেন।

জানতে চাইলে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ দুজনকে আটক করেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি।