
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অসহায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে তিন দিন ওই ধর্ষণের ঘটনা ঘটে। অসহায়ত্বের কারণে ধর্ষণের শিকার হয়েও মামলা করতে থানায় যেতে পারেনি ওই কিশোরী। নিকটাত্মীয় কেউ না থাকায় গ্রামের চৌকিদার বাদী হয়ে দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই কিশোরীর বাবা যান। বাবার মৃত্যুর পর তাঁর মা আরেক ব্যক্তিকে বিয়ে করেন। স্বামীর বাড়িতে রেখে যান এক প্রতিবন্ধী মেয়েসহ দুই মেয়েকে। ছোট বোন প্রতিবন্ধী হওয়ায় সে প্রায়ই খালার বাড়ি থাকত। এ জন্য বাড়িতে একাই থাকত ওই কিশোরী।
সূত্র জানায়, ৫ জানুয়ারি রাতে একই এলাকার মো. জুয়েল ওই কিশোরীর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে চলে যান। এর পরদিন আবার ওই বাড়িতে এসে তিনি কিশোরীকে ধর্ষণ করেন। ৭ জানুয়ারি রাতে জুয়েলের সহযোগিতায় একই এলাকার মো. ইমন ওই কিশোরীকে ধর্ষণ করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নির্যাতনের শিকার কিশোরী ঘটনাটি আশপাশের লোকজনকে জানান। তাঁরা কিশোরীকে নিয়ে স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে ঘটনাটি শোনেন। পরে তাঁরা মেয়েটিকে থানায় মামলার পরামর্শ দেন। কিন্তু কিশোরীর নিকটাত্মীয় কেউ না থাকায় গ্রাম পুলিশ (চৌকিদার) বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই সাক্ষী হয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, কিশোরীর পক্ষে মামলা করার মতো কাউকে পাওয়া যায়নি। মামলার অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ছাড়া নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা আজ দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।