রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা ও বাবা চাকরির কারণে কর্মস্থলে ছিলেন। দাদির সঙ্গে বাড়িতে ছিল শিশুটি। বাড়ির পাশে খেলার একপর্যায়ে শিশুটি দাদির অগোচরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে এলাকাবাসী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সারোয়ার হোসেইন বলেন, একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। চুরি হয়ে যাওয়ায় ট্যাংকটিতে ঢাকনা ছিল না, তবে এর আশপাশে বেড়া দেওয়া ছিল। অসাবধানতাবশত খেলার সময় শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেলার একপর্যায়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’