শহীদ মিনারে যাওয়ার পথে হামলা, বিএনপি নেতা–কর্মীর তোড়া কেড়ে নিল ছাত্রলীগ

ফেনী জেলার মানচিত্র
ফেনী জেলার মানচিত্র

ফেনীর সোনাগাজী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগের হামলায় বিএনপির ১২ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেন। গতকাল সোমবার রাতে পৌর শহরে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন জিয়া মঞ্চের কর্মী মো. সুজন, কামরুল হোসেন, আহসান উল্যাহ, মো. মিষ্টার, গিয়াস উদ্দিন, মো. সাকিল, মো. রিপন, মো. বাবুলের নাম জানা গেছে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদবেদিতে ফুল দিতে রওনা হন। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মিরাজ ও ছাত্রলীগ নেতা মো. মিঠুর নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী হঠাৎ লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পিটিয়ে বিএনপির ১২ কর্মীকে আহত করেন। ছাত্রলীগের লোকজন তাঁদের হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দেন।

মঞ্জুর হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার সময় ঘটনাস্থল থেকে মাত্র ২০ গজ দূরে থানা-পুলিশের গাড়ি থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করে পুলিশ।

তবে হামলা বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. খালেদ হোসেন। তিনি বলেন, সোমবার রাতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা ও বিএনপির নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি হয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।

পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘গত রাতে ফুল দিতে যাওয়ার পথে কারা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে, তা আমি জানি না। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’