রামদা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া। আজ সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়
রামদা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া। আজ সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। শহরের কিছু এলাকায় তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায়  মোটরসাইকেল নিয়ে মহড়া দেখা যায়। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি।

যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে।
কে এম বাবর, বিএনপি দলীয় সংসদ সদস্য

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেলের মহড়াগুলো জড়ো হয় লঞ্চঘাট এলাকায়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সে আগুন নেভানো হয়

হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে সন্ধ্যা ৭টার পর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের বসার চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করেন এমপি।

পুড়িয়ে দেওয়া হয় হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত বের হয়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি চেয়ার–টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়।

ভাঙচুর করা হয় হাসপাতালের বিভিন্ন কক্ষে

এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে নবজাতককে কোলে নিয়ে মধ্যবয়সী এক নারী হাসপাতাল থেকে দৌড়ে বের হন। পরে এক স্বজনের সহযোগিতায় রিকশায় ওঠেন। ওই নারী তখন বলছিলেন, তাঁর মেয়ের বাচ্চা হয়েছে গত রোববার। এমন অবস্থায় এ ঘটনা।

হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন গোপালগঞ্জ সদর আসনে এমপি কে এম বাবর। বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।

সংসদ সদস্য কে এম বাবর রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালে রোগী ছিল অনেক। সেখানে ককটেল বিস্ফোরণ করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করে নিয়ে গেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতলে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে? হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার (অস্ত্রোপচার) হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতাল আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’

হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এক রোগীকে

বিএনপির কার্যালয়ে আগুন

এ ছাড়া গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

জেলার কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয় হামলা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলা হয়।

এর আগে আজ সকাল থেকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন।
সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।