আদালত
আদালত

নাটোরে স্ত্রী হত্যার দায়ে ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহতের মা–বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। ঘটনার ১৪ বছর পর এ রায় হলো।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হামিদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে সিংড়ার বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। যৌতুক বাবদ দুই দফায় ৬৫ হাজার টাকা দেওয়া হয় ফরহাদকে।

দেওয়া হয় একটি গরুও। তবে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর বন্ধ হয়নি। ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ফরহাদ। পরদিন ফাতেমার বাবা নুর ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

সিংড়া থানার উপপরিদর্শক নুর আলম মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৬ এপ্রিল ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং অন্য আসামিদের অব্যাহতির সুপারিশ করেন। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে।

আদালতের পেশকার সাইফুল ইসলাম ও সরকারি কৌঁসুলি আনিসুর রহমান রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।