
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাইনকাঠী গ্রামের গোপাল মণ্ডল ঘরের মেঝে পাকা করার সময় মাটি খুঁড়ে একটি মাটির কলসি পান। ওই কলসি ছিল রৌপ্যমুদ্রায় ভরা। নির্মাণশ্রমিকদের মাধ্যমে সেই খবর জানতে পারেন গোপালের ভাই দিলীপ মণ্ডল। তিনি রৌপ্যমুদ্রা চার ভাইয়ের মধ্যে বণ্টনের দাবি করেন। কিন্তু গোপাল ভাগাভাগি না করায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন দিলীপ।
বিভিন্ন দপ্তরে ভাইয়ের নালিশে ক্ষুব্ধ হন গোপাল। গোপাল তাঁর স্ত্রী উৎপলা মণ্ডলকে দিয়ে মামলা করে দিলীপ ও তাঁর পরিবারকে হয়রানি করছে বলে জানান তিনি। আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দিলীপ মণ্ডল এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে দিলীপ বলেন, বাবা প্রয়াত অমূল্য ভূষণ রায়ের ঘরে সেজ ভাই গোপালের বসবাস। ২০২১ সালের জুনে গোপাল ওই ঘরের মেঝে পাকা করার সময় মাটি খুঁড়লে কলসিভর্তি রৌপ্যমুদ্রা পান। বিষয়টি নির্মাণশ্রমিকদের মাধ্যমে তিনি জানতে পারেন। তিনি গোপালের কাছে গিয়ে বাবার ঘরের মেঝেতে পাওয়া টাকা চার ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার দাবি জানান। তখন গোপাল জানান, ছোট ভাই মনি শংকর মণ্ডল বাড়ি এলে টাকা ভাগ করে দেবেন। পরে মনি শংকর বাড়ি এলেও তিনি রৌপ্যমুদ্রার ভাগ পাননি। টাকার ভাগ না পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে গোপাল মণ্ডল ও মনি শংকর মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
দিলীপ মণ্ডল বলেন, জুলাই মাসে পিরোজপুর সদর সার্কেল কার্যালয় থেকে একটি নোটিশ পাঠানো হয় তিন ভাইকে। ১১ জুলাই অভিযোগের বিষয়ে জানতে পেরে গোপাল তাঁর স্ত্রী উৎপলা মণ্ডলকে বাদী করে তাঁকে এবং তাঁর স্ত্রী-সন্তানকে আসামি করে আদালতে মারামারির মামলা করেন। দিলীপ রৌপ্যমুদ্রা পাওয়ার সঠিক তদন্ত ও তাঁর পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে প্রতিকার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে গোপাল মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন। এরপর আর ফোন ধরেননি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে তদন্তের নির্দেশ পাওয়ার পর তিনি দুই পক্ষকে নোটিশ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।