
হাসপাতালে অসুস্থ মায়ের সেবা করতে আসা মেয়ের মাথার ওপর ছিঁড়ে পড়েছে বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান)। গতকাল শনিবার দিবাগত রাত আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন ওই নারী। তাঁকে একই হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে (সার্জারি) ভর্তি করা হয়েছে। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। থুতনি কেটে যাওয়ায় তিনটি সেলাই পড়েছে।
আহত নারীর নাম বানু খাতুন (৩৫)। তিনি কুষ্টিয়া পৌর এলাকার বারখাদা এলাকার বাসিন্দা মালেকা খাতুনের (৬০) মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন মা মালেকা খাতুনকে সেবা করতে বোনের সঙ্গে হাসপাতালে এসেছিলেন বানু। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, বানু খাতুনের অবস্থা এখন শঙ্কামুক্ত। ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা চলছে। কয়েক দিন পর ছাড়পত্র দেওয়া হবে।
আজ রোববার বেলা ১১টার দিকে মেডিসিন ওয়ার্ডে (নারী) গিয়ে জানা যায়, মালেকা খাতুন অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। মায়ের সেবা করতে দুই মেয়ে বানু খাতুন ও রহিমা খাতুন (৩০) হাসপাতালে আসেন।
রহিমা খাতুন বলেন, শনিবার রাতে তিনি মায়ের বিছানায় পায়ের দিকে বসে ছিলেন। তাঁর বড় বোন বানু খাতুন মায়ের মাথার দিকে বসে ছিলেন। মাথার ওপর সিলিং ফ্যান ধীরগতিতে ঘোরায় হাতপাখা দিয়ে তাঁর বোন বাতাস করছিলেন। হঠাৎ শব্দ হয়ে সিলিং ফ্যান তাঁর বোনের মাথার ওপর আছড়ে পড়ে। ফ্যান মাথা থেকে থুতনিতে লেগে তাঁর বোনের পায়ের কাছে গিয়ে পড়ে যায়। এতে তাঁর বোনের মাথার একপাশ ফুলে যায় এবং থুতনি কেটে রক্ত পড়তে থাকে। ডান হাতের একটি আঙুল কেটে রক্ত ঝরেছে। দ্রুত নার্সদের খবর দেওয়া হয়। বানুকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাওয়া হয়।
৬ নম্বর ওয়ার্ডে মেঝেতে রাখা হয়েছে বানু খাতুনকে। তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। আস্তে আস্তে বানু খাতুন বলেন, ‘ঘাড় ফাইটি যাচ্ছে। চুয়ালের দুই পাশ লাইগি যাচ্ছে। গাল হাঁ করতি পারছি না। হাত সিটকি হয়ি যাচ্ছে। মাথার ভিতর থিকি মনে হচ্ছি আগুন বার হয়ে যাচ্ছে। বমি বমি ভাব হচ্ছে। কেউ গিরাজ্জিও করচে না। একটা বেডও দ্যাচ্ছে না।’
বানু খাতুনের ছেলে আসিবুর রহমান বলেন, ‘মায়ের থুতনিতে তিনটা সেলাই পড়েছে। আঙুল কেটে গেছে। আমরা চাই, মায়ের সঠিক চিকিৎসা করা হোক। কিন্তু সেটা পাচ্ছি না। মা মাথা তুলতে পারছে না।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, এটা একটা দুর্ঘটনা। সিলিং ফ্যানটা পুরোনো। সেটা ভেঙে পড়বে, এটা জানা ছিল না। কেউ বলতে পারবে না, কখন কী হয়? তিনি আরও বলেন, ‘আপনিও আপনার বাসার ফ্যান কখন খুলে পড়বে, বলতে পারবেন না। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। হাসপাতালের অন্য ফ্যানগুলো চেক করানো হবে।’ তিনি আরও বলেন, রোগীর অবস্থা ভালো। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো সমস্যা নেই।
প্রসঙ্গত, গত বছরের ১০ মার্চ একই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নার্সদের কার্যালয়ে ছাদের পলেস্তারা খসে পড়ে এক চিকিৎসক ও এক নার্স আহত হয়েছিলেন। আহত ইন্টার্ন চিকিৎসক ইফফাত জাহান প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। নার্স মৌসুমী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মাথা, হাত ও পেটে আঘাত লেগেছিল।