
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রী উপজেলার জয়মণ্টপ উচ্চবিদ্যালয় ও শাহরাইল উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্রসচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। তিনি দায়িত্বে অবহেলা না করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। মন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
যোগাযোগ করলে ইউএনও খায়রুন্নাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আকস্মিক সিঙ্গাইরের জয়মণ্টপ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন। এরপর তিনি শাহরাইল উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি দ্রুত ঢাকায় চলে যান।
আজ মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।