ভাটার চারপাশে কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া কাঠ চেরাইয়ে জন্য ভেতরে করাতকল বসানো হয়েছে।

আইনের তোয়াক্কা না করে বরগুনার ইটভাটাগুলোতে অবাধে কাঠ ও লাকড়ি পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। এর মধ্যে অধিকাংশ ইটভাটারই লাইসেন্স নেই। এসব ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের তেমন তৎপরতাও নেই।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, বরগুনা জেলায় ৬৪টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র রয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১২টি, আমতলীতে ২৪টি, বামনায় ১০টি, পাথরঘাটায় ৮টি, বেতাগীতে ৭টি ও তালতলীতে ৩টি। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ৪৬টি ইটভাটার লাইসেন্স রয়েছে।
বেশ কয়েকটি ইটভাটার শ্রমিকেরা জানান, ভাটায় জ্বালানি হিসেবে কয়েক হাজার মণ কাঠের স্তূপ করে রাখা হয়েছে এবং কাঠ চেরাইয়ের জন্য ইটভাটার মধ্যে করাতকল স্থাপন করা হয়েছে। এসব কাঠের জোগানের বেশির ভাগই আসে স্থানীয় বাড়িঘরের আশপাশে লাগানো গাছ কেনার মাধ্যমে।
নাম প্রকাশ না করার শর্তে আমতলী উপজেলা ইটভাটা মালিক সমিতির এক নেতা বলেন, জেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে সামাজিক বন থেকে ভাটামালিকদের নিয়োগ করা লোক ১৩০-১৪০ টাকা মণ দরে কাঠ কিনে থাকেন। প্রতিদিন একটি ভাটায় ৫০০ মণ কাঠ পোড়ানো হয়। সে হিসাবে একটি ভাটায় ইট মৌসুমের ৬ মাসে ৯০ হাজার মণ কাঠ পোড়ানো হয়। জেলার ৬৪টি ভাটায় এক মৌসুমে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঠ পোড়ানো হচ্ছে।
ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত আইন ২০১৩-এর ৬ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করেন, তাহলে ওই ব্যক্তি তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সরেজমিনে দেখা গেছে, বরগুনা সদর উপজেলার মেসার্স সনি ব্রিকস, এসবিসি ব্রিকস, এসটিএফ-২ নামের ইটভাটাগুলো ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে কাঠ পোড়াচ্ছে। ভাটার আশপাশে কাঠ স্তূপ করে রাখা হয়েছে।
এসটিএফ-২ ভাটার মালিক সুলতান আহম্মেদ দাবি করেন, ‘ফায়ারিংয়ের সময় কাঠ পুড়িয়েছি। এখন কয়লা দিয়ে ইট পোড়াচ্ছি।’ তাঁর ভাটার পাশে অনেক কাঠ স্তূপ করে রাখা হয়েছে।
পাথরঘাটা উপজেলায় বাইনচটকি এলাকার আরএসবি ইটভাটায় দেখা গেছে, এই ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়ছে। ভাটার চারপাশে জ্বালানি হিসেবে কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া কাঠ চেরাইয়ে জন্য ভাটার ভেতরে করাতকল বসিয়ে সেখানে তিনজন শ্রমিক কাঠ চেরাইয়ের কাজ করছেন। আরএসবি ইটভাটার মালিক আবদুর রাজ্জাক দাবি করেন, তাঁর ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। ভাটায় করাতকল বসানোর বিষয়ে তিনি বলেন, ‘করাতকল আমার না।’
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আবদুল হালিম বলেন, কোনো ভাটায় যদি ইট পোড়ানোর জন্য কাঠের ব্যবহার হয়, তাহলে ভাটামালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘ইটভাটাগুলোতে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো ভাটায় কাঠ পোড়ানোর খবর পাওয়ামাত্রই আমরা সেখানে অভিযান চালাচ্ছি।’