নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়া নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুনীল পাহান (৪০) নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক। প্রসেনজিৎ মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা। তিনি কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল প্রসেনজিতের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিলেন। অনেক দিন পরও তা ফেরত দেননি সুনীল। বৃহস্পতিবার রাতে তিনি প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যান। সেখানে দুজনই মদ পান করেন। বাড়িতে ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।