কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে উদ্ধার ৫ লাখ ইয়াবার চালান। আজ শুক্রবার বিকেলে
কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে উদ্ধার ৫ লাখ ইয়াবার চালান। আজ শুক্রবার বিকেলে

টেকনাফে মুরগির খামারে ১৫ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামে একটি মুরগির খামার থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবার বড় চালান জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জেলা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। খামারের মালিক নুরুল হোসাইন পলাতক। তিনি ওই এলাকার গুরা মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইয়াবার চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে আজ শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে ঢুকেছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তৎপর হয়। পরে রাত ১১টার দিকে রঙ্গিখালী এলাকার ওই খামারে ইয়াবার চালানটি মজুত করা হয় বলে তথ্য পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ খামারে তল্লাশি চালিয়ে একটি কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করে। পরে বস্তা দুটি খুলে দেখা যায়, ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ ইয়াবা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।