নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। জব্দ করার জালের বাজারদাম প্রায় পৌনে ৮ কোটি টাকা।
গতকাল রাত আনুমানিক ১০টার দিকে বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানান কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল।
কোস্টগার্ডের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাহাজমারা বাজার এলাকার তিনটি গুদামে উপজেলা মৎস্য বিভাগের সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি গুদামে মজুত করে রাখা প্রায় ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা। তবে অভিযানকালে গুদামগুলোর প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল জানান, অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দ করা জালগুলো তাঁর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।