
নাটোরের এক পরিবহন ব্যবসায়ীকে মাইক্রোবাস চুরির অভিযোগে আটক করেছে পুলিশ। মাইক্রোবাসটি চুরি হওয়ার চার দিন পর আজ বুধবার চুরি হওয়া মাইক্রোবাসসহ অভিযুক্ত ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর মাইক্রোবাস ও ট্রাক রয়েছে।
সিংড়া থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নাটোরের সিংড়া উপজেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি মাইক্রোবাস চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইক্রোবাসটির মালিক মো. চাঁন সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন পরিবহন ব্যবসায়ী আলতাফ হোসেনকে (৪২) শনাক্ত করে। মঙ্গলবার রাতে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে আলতাফ হোসেনকে আটক করেন। তিনি সিংড়ার পুন্ডরী গ্রাামের লুৎফর রহমানের ছেলে।
আটকের পর আলতাফ মাইক্রোবাসটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। চুরির কারণ হিসেবে তিনি পুলিশকে জানান, পরিবহন ব্যবসায় আলতাফের লোকসান যাচ্ছিল। বেশ কিছু ঋণ করতে হয়েছে তাঁর। পাওনাদারেরা ঋণ পরিশোধের জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। তাই মাইক্রোবাসটি চুরি করে বিক্রি করে দিয়েছেন আলতাফ। তাঁর দেওয়া তথ্য মতে, পুলিশ আজ ভোরে লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রাম থেকে চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে সিংড়ায় নিয়ে আসে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে আমরা দ্রুত তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে শনাক্ত করি এবং আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। তিনি পেশাদার চোর না হওয়ায় খুব অল্প সময়ে মাইক্রোবাসটি চুরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যে চুরি যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। আজ দুপুরে তাঁকে সিংড়া আমলি আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠান।’