ছেলের জন্য ওষুধ আনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ছেলের দুই দিন ধরে জ্বর। মা খাইরুন নেছা (৪০) ওষুধের দোকানে যাচ্ছিলেন ওষুধ কিনতে। বাড়ির সামনে পাকা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে। খাইরুন নেছা ওই গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।

আবদুর রাজ্জাক আহাজারি করে বলেন, ‘সকালে রুটি খেয়ে মাঠে ধানের জমিতে সেচ দেওয়ার কাজ করছিলাম। এ সময় গ্রামের একজন এসে খবর দিলে হাসপাতালে ছুটে গিয়ে দেখি, আমার স্ত্রী আর জীবিত নেই। ছেলেমেয়েদের এখন কে দেখবে...।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ওই গৃহবধূকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলচালকও সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। ওই ব্যক্তির নাম আসিফ। ঘটনাস্থল থেকে তাঁকেও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।